বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়তে পারে—এমন পূর্বাভাস দিচ্ছে একাধিক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। সোনার দাম যখন আউন্সপ্রতি ৪ হাজার ডলার অতিক্রম করে, তখন থেকেই বিভিন্ন সংস্থা ভবিষ্যতে মূল্য বৃদ্ধির ইঙ্গিত দিতে শুরু করে।
সর্বশেষ মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস তাদের পূর্বাভাসে জানিয়েছে, ২০২৬ সালের শেষ দিকে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ৪ হাজার ৯০০ ডলারে পৌঁছাতে পারে।
গত দুই মাসে প্রকাশিত বিভিন্ন বৈশ্বিক বিশ্লেষণে দেখা গেছে, আগামী বছর সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৯০০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বাড়ানোর প্রবণতাকে মূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে স্থানীয় বাজারেও সোনার দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ফলে ২০২৬ সালে দেশের বাজারে সোনার দাম উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।