দেশ এডিশন (সিলেট) ব্যুরো ডেস্ক :
বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ইংল্যান্ডভিত্তিক জনপ্রিয় ক্রিকেট পোর্টাল Cricket365 সম্প্রতি বিশ্বের দৃষ্টিনন্দন সাত স্টেডিয়ামের নাম প্রকাশ করেছে, যেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পঞ্চম স্থানে স্থান পেয়েছে।
সিলেট এয়ারপোর্ট রোডসংলগ্ন নয়নাভিরাম চা বাগান ও সবুজ পাহাড়ে ঘেরা এই স্টেডিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ভেন্যু হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—“বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে পাহাড় ও সবুজ চা বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চোখের জন্য এক অনাবিল আনন্দ। সকাল বা গোধূলি বেলায় কুয়াশা ও আলোছায়ার মিশ্রণে এই মাঠের দৃশ্য যেন এক সবুজ স্বর্গের আবেশ সৃষ্টি করে।”
২০০৭ সালে স্টেডিয়ামটির নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং ২০১৪ সালের ১৭ মার্চ টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের মাধ্যমে এটি আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে। এর পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করে আসছে এই স্টেডিয়ামে।
Cricket365–এর তালিকায় সিলেটের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল, ভারতের ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, পাকিস্তানের গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এবং ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়াম।
সিলেটের এই অর্জন শুধু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্যই নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য ও ক্রীড়া অবকাঠামো উভয় ক্ষেত্রেই এক গর্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।