কুমিল্লার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর গ্রামে নারকেল গাছ থেকে পড়ে মো. ফরিদ উদ্দিন (৫৫) নামের এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে তিনি নিজ বাড়ির নারকেল গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. ফরিদ উদ্দিন ভারেল্লা উত্তর ইউনিয়নের বাসিন্দা এবং তিনি পূর্বে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী-সন্তানসহ পরিবারে চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতাদের বরাত দিয়ে জানা যায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইস্কান্দার আলী ভূঁইয়া আমির জানান, স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে তিনি মৃত্যুসংবাদটি জানতে পারেন। বুড়িচং থানা সূত্রে জানা গেছে, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হবে।