ভারতীয় গুপ্তচর আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

দেশ এডিশন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

জুলাই গণ-অভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য এবং সহযোগী সংগঠন মঞ্চ ২৪ দাবি করেছে, আনিস আলমগীরকে আটক করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। এ অবস্থায় তাকে মুক্তি দেওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠন দুটি।

মঞ্চ ২৪–এর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের খবরে তারা জানতে পেরেছে—ডিবি পুলিশ আনিস আলমগীরকে হেফাজতে নিয়েছে। তবে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, যা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, আনিস আলমগীর অতীতে প্রকাশ্য বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এসব কারণে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংগঠন দুটি আরও দাবি করেছে, আনিস আলমগীরকে মুক্ত করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের চাপকে তারা অনাকাঙ্ক্ষিত ও বিচারপ্রক্রিয়ার জন্য হুমকি বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, শুধু আনিস আলমগীর নন—যারা সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে জুলাই আন্দোলন ও আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশে রাজনৈতিক সহিংসতা ও বিভ্রান্তি রোধ করা কঠিন হবে বলে তারা মনে করে।

এ বিষয়ে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

error: Content is protected !!