দেশ এডিশন ডেস্ক :
ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিককে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বুধবার বিকালে তার শারীরিক অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন।
বারডেম হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। জানা গেছে, কিডনির জটিলতার পাশাপাশি সাম্প্রতিক সময়ে তিনি একাধিকবার ‘মাইল্ড স্ট্রোক’-এর শিকার হয়েছেন।
এর আগে গত ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় গত রবিবার তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।
হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে অবস্থানকালে গত ১৩ বা ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে দেখতে গিয়ে তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। বর্তমানে সেই আশ্বাস বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলা ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক ইতিহাসবিদ আহমদ রফিক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। রবীন্দ্রচর্চায় তার অবদানের জন্য কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেওয়া হয়েছে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।
২০১৯ সাল থেকে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হতে শুরু করে। অস্ত্রোপচার করেও আশানুরূপ ফল মেলেনি। ২০২৩ সাল থেকে তিনি প্রায় দৃষ্টিহীন হয়ে পড়েন। এর আগেই, ২০২১ সালে পড়ে গিয়ে পা ভাঙার পর তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে থাকে।
সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখা এই প্রবীণ লেখকের উন্নত চিকিৎসা ও রাষ্ট্রীয় সহায়তার দাবি জানিয়েছেন দেশের বুদ্ধিজীবী মহল।