ভোট দেওয়াকে কেন্দ্র করে ফেনীর সদর উপজেলায় এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে মৌখিকভাবে তিন তালাক দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নএর ৯ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকায়। অভিযুক্ত ব্যক্তি ইসমাইল হোসেন কাওসার (স্থানীয় সূত্রে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি) মৃত ইউসূফ হাজারীর ছেলে। তার স্ত্রী বিবি জহুরা বর্তমানে তিন সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কাওসার তার স্ত্রীকে ভোটকেন্দ্রে না যেতে বারণ করেন। তবে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে উৎসাহী জহুরা বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে স্বামীকে ঘুমন্ত অবস্থায় রেখে কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন।
বিকেলে বাড়ির পাশের লোকজনের মুখে বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে কাওসার স্ত্রীকে মৌখিকভাবে তিন তালাক দেন বলে অভিযোগ। এ সময় স্ত্রীকে ঘরে প্রবেশ করতেও বাধা দেওয়া হয়।
ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে কাওসারকে আটক করে কিছু সময়ের জন্য মারধরসহ আটকে রাখে বলে জানা গেছে। তবে এক পর্যায়ে জনসমাগম বাড়তে থাকলে বাড়িতে যাওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দেশ এডিশন এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত জানার চেষ্টা করছে।