ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর-২০২৫ মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে শেরপুর জেলা পুলিশকে “শ্রেষ্ঠ জেলা” এবং শেরপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলামকে “শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া।
সভায় রেঞ্জাধীন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আভিযানিক সাফল্য, জনগ্রহণযোগ্যতা এবং অন্যান্য অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে শেরপুর জেলা পুলিশকে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে ডিআইজি মহোদয়ের নিকট থেকে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা গ্রহণ করেন শেরপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম। পুরস্কার গ্রহণের পর তিনি বলেন,
“এই অর্জন শেরপুর জেলা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এই স্বীকৃতি আমাদেরকে আরও দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
সভায় রেঞ্জের অন্যান্য জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেরপুর জেলা পুলিশের এই অর্জন স্থানীয় জনগণ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।