মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে পরিচিত সাবেক পুলিশ কর্মকর্তা শওকত হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
শওকত হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন বাংলাদেশ পুলিশে কর্মরত থাকার পর মানবিক কর্মকাণ্ডে পূর্ণ সময় দেওয়ার লক্ষ্যে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন। এরপর থেকেই অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা, সামাজিক সেবা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মানবিক পুলিশ’ নামে পরিচিতি পান।
রাজনীতিতে আসার পেছনের মূল উদ্দেশ্য সম্পর্কে শওকত হোসেন জানান, বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করাই তাঁর স্বপ্ন। এরই ধারাবাহিকতায় তিনি ইতোমধ্যে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি ‘বেওয়ারিশ ১২০ শয্যার সদর হাসপাতাল’ চালু করেছেন, যেখানে বেওয়ারিশ ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
শওকত হোসেন বলেন, “আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়; এটি মানবিক দায়িত্ব পালনের একটি মাধ্যম। বেওয়ারিশ ও অসহায় মানুষের জন্য উন্নত ও মর্যাদাসম্পন্ন চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা দিতেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।”
স্থানীয়দের মতে, মানবিক কর্মকাণ্ড, স্বচ্ছ ভাবমূর্তি এবং সামাজিক গ্রহণযোগ্যতার কারণে শওকত হোসেন নোয়াখালী-৫ আসনে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।