মির্জাপুরে ভোট প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক

আনোয়ার হোসেন (আবিদ), মির্জাপুর, টাঙ্গাইল।
প্রকাশ: ১ সপ্তাহ আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মির্জাপুর উপজেলা এলাকায় নির্বাচন প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা, টাঙ্গাইল। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। এ সময় তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত আইন, বিধিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন।
পরে উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় তিনি নির্বাচনকালীন সময়ে পারস্পরিক সমন্বয় জোরদার করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর জোর দেন এবং দায়িত্ব পালনে সতর্ক থাকার আহ্বান জানান।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলার একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুততম সময়ের মধ্যে সব ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

error: Content is protected !!