মুক্তিযুদ্ধ নিয়ে প্রচলিত বর্ণনার বড় একটি অংশ কল্পকাহিনী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রচলিত কাহিনীর প্রায় ৯০ ভাগই মিথ্যা এবং ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে ভুল তথ্য প্রচার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের র্যালির শুরুতে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, “ইতিহাসবিদ বদরুদ্দীন উমরের লেখা বই পড়লে দেখা যায়, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনী লেখা হয়েছে তার বড় অংশ বাস্তবসম্মত নয়। জামায়াতে ইসলামী ১৯৭১ সালে যুদ্ধের বিরুদ্ধে ছিল না; তারা ছিল ভারতের বিরুদ্ধে। কিন্তু দীর্ঘদিন আমাদের এই বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “আজকের বিজয় র্যালির উদ্দেশ্য হলো— আমরা দেশের স্বাধীনতার পক্ষে এবং বিদেশি আগ্রাসনের বিরোধী। আগামীর বাংলাদেশকে আমরা ভারতের প্রভাবমুক্ত, স্বাধীনচেতা রাষ্ট্র হিসেবে দেখতে চাই।”
ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে তিনি বলেন, “এই দেশে যারা জন্ম নেবে, সবাই সম্মানিত নাগরিক। দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। অতীতের বিভাজন ভুলে নতুন ইতিহাস গড়াই আমাদের লক্ষ্য।”
র্যালিতে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।