২৭ লাখ টাকা আত্মসাৎ, ভয়ভীতি ও হুমকির অভিযোগে আদালতের নির্দেশ
পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকির অভিযোগে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে আসামিদের সশরীরে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। তবে তারা আদালতে উপস্থিত না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিনের পরিচিতির সুযোগ নিয়ে মেহজাবীন চৌধুরী তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলে বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন।
কিন্তু দীর্ঘদিন পার হলেও ব্যবসার কোনো অগ্রগতি না হওয়ায় বাদী বারবার টাকা চাইলে ‘আজ দেবো, কাল দেবো’ বলে সময়ক্ষেপণ করতে থাকেন তারা।
অভিযোগে আরও বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে আসামিরা ১৬ মার্চ হাতিরঝিল রোডের একটি রেস্টুরেন্টে যেতে বলেন। নির্ধারিত দিনে গেলে মেহজাবীন, তার ভাই এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা বলেন—
‘এরপর যদি বাসায় টাকা চাইতে আসিস, সামনে পেলে মেরে ফেলব।’
এই হুমকির পর বাদী বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানায় গেলে থানার পক্ষ থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।
পরবর্তীতে আমিরুল ইসলাম ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারা অনুযায়ী মামলা দায়ের করেন।