প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার। একইসঙ্গে রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার সকালে সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা যমুনা অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হলে প্রথমে শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে সকালে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন। সেখান থেকে বেলা ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল শাহবাগের দিকে রওনা হলে পুলিশ তাদের অগ্রযাত্রা ঠেকায়। একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে চলে যায়। ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হলেও আন্দোলনকারীরা পুনরায় জড়ো হয়ে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। পরে ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় আবারও বাধা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে। তাদের দাবি, নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে তা ১ জানুয়ারি থেকে কার্যকর করতে হবে। দাবির অংশ হিসেবে তারা টানা তিন দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। এরপর বৃহস্পতিবার চার ঘণ্টার কর্মবিরতি এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে সরকারি, আধা-সরকারি ও পে-স্কেলের আওতাভুক্ত দপ্তরগুলোতে কর্মবিরতি পালনের কথা জানান আন্দোলনকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।