যুব আন্দোলন–এনডিএম-এর উদ্যোগে প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে যুব আন্দোলন–এনডিএম-এর সভাপতি আদনান সানি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাহসী ও আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বহুদলীয় গণতন্ত্রের বিকাশে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন না, বরং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক চেতনার প্রশ্নে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর জীবন নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য দায়িত্ববোধ, ধৈর্য ও দেশপ্রেমের অনন্য উদাহরণ।
যুব আন্দোলন–এনডিএমের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, আত্মত্যাগ ও দৃঢ়তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারলে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের পথ আরও সুগম হবে।
শেষে প্রয়াত এই নেত্রীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।