রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে এ ভূকম্পন আঘাত হানে। হঠাৎ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।
প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলা হলেও পরবর্তীতে United States Geological Survey (ইউএসজিএস) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে। উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত বলে জানানো হয়েছে। এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটেও দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।