কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী মিয়াজী পাড়া গ্রামে এক অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত নাসরিন বেগম (২০) চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ হেফাজতে নেয়। পারিবারিক সূত্রে জানা গেছে, কোরবানি ঈদের পর উলিপুর উপজেলার গড়াইরহাট এলাকার বাসিন্দা নাসরিন বেগমের সঙ্গে চান্দামারী মিয়াজী পাড়া গ্রামের নুর আলমের বিয়ে হয়। ঘটনার আগের রাতে পরিবারের সঙ্গে সেহরি শেষে স্বামী-স্ত্রী নিজ কক্ষে ঘুমাতে যান।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।