বাংলাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধনের প্রথম ধাপে বান্দরবানের ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
বক্তারা বলেন, এটি একটি জাতীয় কর্মসূচি। সারাদেশে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শূন্য দশমিক ৫ একরের কম জমির মালিক পরিবারগুলো ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। এতে হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি নারীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, বান্দরবান পার্বত্য জেলায় বাঙালিসহ মোট ১২টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে কোনো জাতিগোষ্ঠীকে আলাদা করে তালিকাভুক্ত করা হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সরকার দেশের প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করছে।