শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

দেশ এডিশন (সিলেট) ব্যুরো চীফ
প্রকাশ: ৪ মাস আগে

দেশ এডিশন (সিলেট) ব্যুরো চীফ :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা শাকসু (শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। রবিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “আমরা আর কোনো মুলা ঝুলানো রাজনীতি দেখতে চাই না। নভেম্বরের মধ্যেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে হবে। শাকসু বানচালের চেষ্টা করা হলে শিক্ষার্থীরা কঠোর প্রতিক্রিয়া দেখাবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা না করা হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলবে। দলমত নির্বিশেষে শাবিপ্রবির সব শিক্ষার্থী এই দাবিতে একমত।”

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও শাকসু নির্বাচন নিয়ে শাবিপ্রবি প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। প্রশাসন নির্বাচন দিতে ভয় পাচ্ছে, কারণ তারা নানা দুর্নীতির সঙ্গে জড়িত। তাদের আশঙ্কা—ছাত্রপ্রতিনিধি তৈরি হলে এসব অনিয়ম আর সম্ভব হবে না। তিনি আরও বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে প্রশাসন এতদিন শিক্ষার্থীদের নীরব রাখার চেষ্টা করেছে। কিন্তু এবার শিক্ষার্থীরা আর নীরব থাকবে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত সেপ্টেম্বর মাসে জানিয়েছিল যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখনো নির্বাচন কমিশন গঠন করা হয়নি, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। এর আগে ১৭ অক্টোবর শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে শাকসু নির্বাচনের দাবি জানিয়েছিলেন। আজকের মানববন্ধন সেই ধারাবাহিক আন্দোলনের অংশ। শিক্ষার্থীদের দাবি—শাকসু নির্বাচনের মাধ্যমে এমন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ছাত্র নেতৃত্বব্যবস্থা গড়ে তোলা হোক, যেখানে অন্যায় ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।

error: Content is protected !!