শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে তাঁর নিরলস প্রচেষ্টা এবং সামাজিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এ সম্মানজনক মনোনয়ন পেয়েছেন তিনি।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অধিকার সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের মধ্যে যারা মানবতার কল্যাণে, শিশু অধিকার রক্ষায় ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে— তাদের মধ্য থেকে এই পুরস্কারের জন্য মনোনীত করে থাকে।
মাত্র ১৫ বছর বয়সেই সমাজসেবায় সক্রিয় ভূমিকা রেখে সুদীপ্ত ইতোমধ্যে সাতক্ষীরায় শিশু অধিকার ও শিক্ষা বিষয়ে একাধিক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিশুদের সচেতন করতে তিনি নিয়মিত স্কুলভিত্তিক আলোচনাও আয়োজন করেন।
সুদীপ্ত সাতক্ষীরা শহরের মাস্টারপাড়ার বাসিন্দা যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান। তাঁর এই অর্জনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে।
বিশ্বজুড়ে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠা এই তরুণ সমাজকর্মীর লক্ষ্য— “প্রত্যেক শিশুর নিরাপদ শৈশব ও ন্যায্য পৃথিবী গড়ে তোলা।”
সূত্র: দেশ এডিশন প্রতিবেদক