শেরপুরের ঝিনাইগাতীতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর একটি বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝিনাইগাতী উপজেলার মহিলা আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে স্থাপিত বিজিবি বেইজ ক্যাম্পে যান। এসময় তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম, সদস্যদের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে তিনি জেলায় কর্মরত বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সীমান্ত নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচনী দায়িত্ব পালনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন, সরাইল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ নুরুল আমীন বায়েজীদ, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
এছাড়াও বিজিবি ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।