শেরপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার তিন বছরের কন্যা আয়রা মনি নিহত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে শেরপুর পৌরসভার নওহাটা খোয়ারপাড়-জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী মনিমালা নওহাটার ভাড়া বাসা থেকে রাস্তার পাশে থাকা ডাস্টবিনে ময়লা ফেলতে যান। এ সময় তাঁর অজান্তে ছোট্ট কন্যা আয়রা মনি পিছু পিছু রাস্তায় বেরিয়ে যায়। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ও একটি মাইক্রোবাসের মাঝে পড়ে শিশুটি গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর গাড়ি দুটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে, ফলে তাদের সনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আয়রা মনির মৃত্যু হয়।
এ ঘটনায় প্রকৌশলী লিখন মিয়ার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশু আয়রার মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোকের পরিবেশ বিরাজ করছে।
শুক্রবার রাত ১০টায় সদর উপজেলার আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে আয়রা মনিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।