শেরপুরের নালিতাবাড়ীতে প্রকাশ্যে সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ ৯০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম ওরফে হাম্বুলকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়। তিনি উপজেলার নন্নী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) সকালে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার রাজমিস্ত্রী সাগর আলী শ্রমিকসহ দুটি সিএনজি রিজার্ভ করে কাজের উদ্দেশ্যে নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া এলাকায় যাচ্ছিলেন।
পথিমধ্যে সকাল সাড়ে ১০টার দিকে নন্নী পশ্চিমপাড়া মাঠখোলা এলাকায় পৌঁছালে চারজন দুর্বৃত্ত সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে। এ সময় তারা শ্রমিকদের সঙ্গে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যাওয়ার আগে দুর্বৃত্তরা ঘটনাটি প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাগর আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে প্রধান আসামি আব্দুর রহিম ওরফে হাম্বুলকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন,
“ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম ওরফে হাম্বুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”