শোকের আবহে শ্রীবরদীতে জামায়াত নেতার জানাজা

জান্নাতুল বাকী, শেরপুর | দেশ এডিশন
প্রকাশ: ২ সপ্তাহ আগে

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রেজাউল করিমের জানাজায় হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শোক ও শ্রদ্ধায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়দের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে আগত মুসল্লি, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

বুধবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতা ছামিউল হক ফারুকী, শেরপুর–১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর–২ আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ডিপি, শেরপুর–৩ আসনের প্রার্থী হাফেজ মাওলানা নুরুজ্জামান বাদল এবং শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জানাজা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মরহুমের দ্বীনি, শিক্ষামূলক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সমাজসেবক ছিলেন। বক্তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

রাত সাড়ে ৮টায় মরহুমের নিজ গ্রাম গোপালখিলা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ঘটনার প্রেক্ষাপটে স্থানীয় সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে একটি নির্বাচনী কর্মসূচিকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় মাওলানা রেজাউল করিমকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করছেন।

error: Content is protected !!