সাংবাদিকতা সমাজের দর্পণ এবং সাংবাদিকরা সেই দর্পণের কারিগর—এমন মন্তব্য করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেছেন সাংবাদিক ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্লাহ মহসিন।
তিনি বলেন, আধুনিক বিশ্বে সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। একজন সাংবাদিকের লেখনী যখন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে, তখন সমাজ ও রাষ্ট্র সঠিক পথ খুঁজে পায়।
তার মতে, সাংবাদিকতার মূল ভিত্তি হলো সত্য প্রকাশ ও বস্তুনিষ্ঠতা। কোনো ধরনের ব্যক্তিগত আবেগ, ভয় বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষভাবে তথ্য তুলে ধরা একজন সংবাদকর্মীর প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে গুজব ও ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের উৎস একাধিকবার যাচাই করা অত্যন্ত জরুরি। এতে যেমন সমাজ বিভ্রান্তি থেকে রক্ষা পায়, তেমনি গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাও অটুট থাকে।
জনস্বার্থকে সাংবাদিকতার মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায়ের সমস্যা, সাধারণ মানুষের দুর্ভোগ এবং উন্নয়নের সম্ভাবনাগুলো সংবাদে তুলে ধরার মাধ্যমেই সাংবাদিকতার প্রকৃত সার্থকতা আসে।
এছাড়া পেশাদারিত্ব ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো ব্যক্তির মানহানি হতে পারে এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকা এবং তথ্যের উৎসের গোপনীয়তা রক্ষা করা একজন দায়িত্বশীল সাংবাদিকের কর্তব্য।
তিনি ইতিবাচক সংবাদ প্রকাশের ওপরও গুরুত্ব দিয়ে বলেন, সমাজের ভালো কাজ, সফলতার গল্প এবং ইতিবাচক পরিবর্তনগুলোও সংবাদে স্থান পাওয়া উচিত। গঠনমূলক সমালোচনার মাধ্যমে শুধু সমস্যা তুলে ধরা নয়, বরং সমাধানের পথ দেখানোও সাংবাদিকতার দায়িত্ব।
সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা এবং এই পেশায় টিকে থাকতে হলে প্রয়োজন সাহস, সততা এবং সত্যের প্রতি দৃঢ় অঙ্গীকার। সমাজের উন্নয়ন ও সংস্কারে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই সাংবাদিকদের কাজ করে যেতে হবে।