সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনার বাজার। টানা ষষ্ঠ দফায় সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বুধবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

এর আগে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ছিল ভরিতে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারিত ছিল ভরিতে ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।

বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এদিকে সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা, যা এর আগে ছিল ৪ হাজার ৯৫৭ টাকা।

সোনার লাগাতার মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

error: Content is protected !!