গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, দেশের প্রয়োজন ছাড়া তাদের দল কোনো জোটে যাবে না। যদি জোট করতেই হয়, তা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সম্মানজনক আসন সমঝোতার মাধ্যমে। শুধুমাত্র ২-৪টি আসনের বিনিময়ে গণঅধিকার পরিষদ কোনো জোটে যাবে না বলেও তিনি স্পষ্ট করে জানান।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গণঅধিকার পরিষদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নূর। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের একক প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে জনসভাটির আয়োজন করা হয়।
নূর জানান, অতীতে ক্ষমতাসীন দলের আমলে গণঅধিকার পরিষদকে টাকা ও আসন প্রস্তাব দেওয়া হলেও তারা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। তিনি বলেন, “দেশের স্বার্থে জোট হলে যেখানে প্রকৃত জনসমর্থন রয়েছে, সেখানে আসন নিশ্চিত করেই জোট হবে।”
আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ ১১ ডিসেম্বর। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাজনিত পরিস্থিতিতে কোনো পরিবর্তন এলে সে অনুযায়ী নির্বাচন পিছিয়ে যেতে পারে। অন্যথায় ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে এখনো কিছু দল অতীতের মতো হুমকি-ধামকি ও আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। নূর হুঁশিয়ার করে বলেন, “১৬ বছরের অপশাসন যে মুহূর্তে ভেঙে পড়েছে—এটাই প্রমাণ করে জনগণের বিরুদ্ধে গেলে কারও টিকে থাকার সুযোগ নেই।” তিনি সকল রাজনৈতিক দলকে সংযমী ও সহনশীল হওয়ার আহ্বান জানান।
এদিন জনসভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলামকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন নূরুল হক নূর।