সীতাকুণ্ডে নমিনেশন বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ, মধ্যরাতে দলীয় সিদ্ধান্তে চার নেতা বহিষ্কার

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণাকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ডের চার বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন কিছু নেতাকর্মী।

এ ঘটনায় (আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত) সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, ও যুবদলের সোনাইছড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি সবসময় কঠোর অবস্থানে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!