শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় স্থানীয় এক মসজিদের ইমাম তার লোকজন নিয়ে এক কৃষকের ঘর ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটে গত বুধবার ও বৃহস্পতিবার নালিতাবাড়ী উপজেলার জামিরাকান্দা গ্রামে। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, জামিরাকান্দা গ্রামের কৃষক সোহেল মিয়ার স্ত্রী রিতা বেগম পার্শ্ববর্তী বাড়ির আমানুল্লাহ মুন্সির কাছ থেকে মাসিক ১০ শতাংশ সুদে এক লাখ টাকা ঋণ নেন। আমানুল্লাহ মুন্সি পাঁচগাও বাজারের একটি জামে মসজিদের খতিব ও ইমাম।
রিতা নিয়মিত সুদের টাকা পরিশোধ করলেও কিছুদিন আগে মূল টাকার মধ্যে ৫০ হাজার টাকা ফেরত দেন। এরপরেও ইমাম আমানুল্লাহ মুন্সি আরও ৮০ হাজার টাকা দাবি করেন। সেই টাকা জোগাড় করতে রিতা ঢাকায় স্বামী–সন্তানের কাছে গেলে, সুযোগ বুঝে ইমাম আমানুল্লাহ মুন্সি ও তার সহযোগীরা রিতার ঘর ও ঘরের সব মালামাল নিয়ে যান।
এসময় তারা ঘরের আসবাব, কাঠ, টিন, খুঁটি, নলকূপ, গোসলখানা, গাছপালা এমনকি ঘরের মেঝের ইট পর্যন্ত উঠিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর রিতা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
পরদিন বৃহস্পতিবার রিতার পক্ষ থেকে নয়জনের নামসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— আমান উল্লাহ মুন্সির স্ত্রী সুফিয়া বেগম (৪২), সোহেল রানার স্ত্রী খাদিজা বেগম (২৬), বাবু মিয়া (২১) ও নয়ন মিয়া (১৯)।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল রানা বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।”