বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমতকে নিয়ে ঢাকায় আয়োজন করা বহুল প্রতীক্ষিত কনসার্টটি স্থগিত করা হয়েছে। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টটি প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় আয়োজকরা অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন সামাজিক মাধ্যমের জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, “কিছু অনিবার্য পরিস্থিতির কারণে আজকের শো ‘আলী আজমত এক্স জেমস – লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ স্থগিত করা হয়েছে।”
আয়োজকরা আরও জানান, তারা দ্রুততম সময়ে নতুন তারিখে কনসার্টটি আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। সরকারি অনুমতি না পাওয়ায় এ আয়োজন স্থগিত করতে বাধ্য হয়েছেন বলেও উল্লেখ করা হয়।
অ্যাসেন কমিউনিকেশন টিকিট ক্রেতা, স্পন্সর ও স্টল মালিকদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়ে জানায়— নতুন তারিখ ও ভেন্যু খুব শিগগিরই ঘোষণা করা হবে। টিকিট ক্রেতারা চাইলে নতুন তারিখে টিকিট ব্যবহার করতে পারবেন অথবা রিফান্ড নিতে পারবেন।
মূলত জেমস ও আলী আজমত ছাড়াও কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল নতুন প্রজন্মের দুই শিল্পী পুনম এবং মধুবন্তী চক্রবর্তীর। আপাতত কনসার্টের সব প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে।