দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন মূল্য তালিকা ঘোষণা করেছে, যেখানে প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা প্রতি ভরি।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ার প্রভাবেই দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।
— দেশ এডিশন ডেস্ক