হঠাৎ দেশ ছাড়ার ব্যাখ্যা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

দেশ এডিশন ডেস্ক :
প্রকাশ: ১২ ঘন্টা আগে

হঠাৎ দেশ ছাড়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা–সমালোচনার প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটিয়েই তিনি বিদেশে গেছেন। তার ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি আইসিটি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি) এবং বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস। ওই দিন সহকর্মীদের সঙ্গে ফেয়ারওয়েল ডিনারেও অংশ নেন তিনি।
ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, দায়িত্ব শেষে নির্বাচনকালীন সময়েও তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন এবং প্রযুক্তিনির্ভর নির্বাচনী আয়োজনেও তার কিছু অবদান ছিল। সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বিদায়ের কথাও পোস্টে উল্লেখ করেন তিনি।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও কটূক্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তথ্য যাচাই না করেই একজন আত্মমর্যাদাসম্পন্ন ও সৎ ব্যক্তিকে কটু কথা শোনানো অনাকাঙ্ক্ষিত। তিনি আরও লেখেন, দেশের জন্য কাজ করতে এসে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এবং তার সঞ্চয় শেষ হয়ে গেছে।
দ্রুত দেশ ছাড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ছেলের স্কুলের প্যারেন্টস মিটিং এবং স্ত্রীর মেডিকেল ইমার্জেন্সির বিষয়টি। পাশাপাশি তিনি জানান, পরিবারের সঙ্গে দীর্ঘদিন সময় কাটাতে না পারায় কিছুটা সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি রিটার্ন টিকিট কেটেই বিদেশে গেছেন বলেও উল্লেখ করেন।
পোস্টের পুনশ্চ অংশে তিনি দাবি করেন, দায়িত্ব পালনকালে একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা, নতুন প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থাপনা আনার সর্বোচ্চ চেষ্টা করেছেন। পুরোনো আইন ও নীতিমালা পরিবর্তনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও জানান।
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি আল্লাহকে সাক্ষী রেখে বলেন, তিনি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন। বরং মোবাইল ব্যবসায়ী ও টেলিকম খাতসংশ্লিষ্ট কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পোস্টের শেষে সবার কাছে দোয়া কামনা করে তিনি লেখেন, ‘ভালো থাকবেন, দোয়া করবেন।’
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে Emirates Airlines-এর একটি ফ্লাইটে দুবাই হয়ে জার্মানির উদ্দেশে দেশ ছাড়েন ফয়েজ আহমদ তৈয়্যব।

error: Content is protected !!