ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় একাধিক নতুন তথ্য সামনে এসেছে। ডিজিটাল অনুসন্ধানী মাধ্যম দ্য ডিসেন্ট–এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলায় জড়িত বলে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে আলোচনায় আসা ফয়সাল করিম মাসুদ অতীতে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার হলেও পরবর্তীতে জামিনে মুক্তি পান।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৮ নভেম্বর রাজধানীতে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার হন ফয়সাল করিম মাসুদ। ওই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়। পরে তার পক্ষে অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান জামিন আবেদন করলে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন।
দ্য ডিসেন্ট–এর দাবি অনুযায়ী, জামিনের মেয়াদ শেষে চলতি বছরের ১২ আগস্ট পুনরায় আবেদন করা হলে আদালত এক বছরের জন্য জামিন মঞ্জুর করেন। আদালতের নথিতে দেখা যায়, জামিন সংক্রান্ত আদেশগুলো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে।
অনুসন্ধানী প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন সময়ের সিসিটিভি ফুটেজ, গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া একাধিক ছবির তুলনামূলক বিশ্লেষণে হামলাকারীর সঙ্গে ফয়সাল করিম মাসুদের চেহারার মিল পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে কিছু দৃশ্যমান আলামত ও ব্যক্তিগত ব্যবহৃত সামগ্রীর মিলের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে আইনশৃঙ্খলা বাহিনী বা তদন্ত সংশ্লিষ্ট কোনো সংস্থা এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে অভিযুক্ত বা শনাক্ত করেছে—এমন তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনা তদন্তাধীন এবং যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। তদন্তের স্বার্থে সবাইকে অপেক্ষা ও গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।