ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীদের দ্বিতীয়জনকে শনাক্ত করার দাবি করেছে অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট।
সংবাদমাধ্যমটি জানায়, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালকের নাম আলমগীর হোসেন। তার ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ।
শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে প্রকাশিত এক প্রতিবেদনে দ্য ডিসেন্ট জানায়, আলমগীর হোসেন নিয়মিত তার ফেসবুক পোস্টের জিওট্যাগে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’ উল্লেখ করতেন।
দ্য ডিসেন্টের দাবি অনুযায়ী, আলমগীরের ফেসবুক প্রোফাইলে থাকা ছবির সঙ্গে ওসমান হাদীর গণসংযোগ কর্মসূচির সময় গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা একাধিক ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদীর নির্বাচনি প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন এবং সেখানে তার চেহারা স্পষ্টভাবে ধরা পড়ে। পরে ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদীর গণসংযোগে কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা এক ব্যক্তি এবং কালো ব্লেজার ও মাস্ক পরা আরেক ব্যক্তি অংশ নেন। গণসংযোগ শেষে তারা একটি মোটরসাইকেলে করে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গিয়ে ওসমান হাদীর ওপর গুলি চালায়।
দ্য ডিসেন্ট জানায়, গুলিবর্ষণকারী হিসেবে ইতোমধ্যে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে এবং মোটরসাইকেলটি চালাচ্ছিলেন কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তি, যার গলায় একটি চাদর ঝুলানো ছিল।
প্রাথমিক বিশ্লেষণে সংবাদমাধ্যমটি বলছে, বাইকচালকের মুখ স্পষ্ট না হলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, চোখের ভ্রু ও হাতের গড়ন আলমগীর হোসেনের সঙ্গে মিল পাওয়া গেছে।
এছাড়া আলমগীর হোসেনের সঙ্গে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছে দ্য ডিসেন্ট। এসব তথ্য আরও যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।
ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।