হান্নান মাসউদের গাড়িবহরে হামলা করেছে বিএনপি-আ.লীগ সন্ত্রাসীরা: নাহিদ

দেশ এডিশন অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৫৩ minutes ago

নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ–এর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা জড়িত বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ অভিযোগ করেন। তিনি জানান, বুধবার দুপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যান। এ সময় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, হামলায় এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এ ধরনের হামলা নিন্দনীয় ও উদ্বেগজনক।
পোস্টে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিরাপত্তা নিশ্চিত করতে না পারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। তিনি হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত পক্ষগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • #দেশ_এডিশন
  • error: Content is protected !!