১৮০ দিনের স্বল্পমেয়াদি পরিকল্পনা শিগগিরই প্রকাশ করবে বিএনপি

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ১২ ঘন্টা আগে

সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনের জন্য একটি স্বল্পমেয়াদি পরিকল্পনা (শর্ট টার্ম প্ল্যান) প্রণয়ন করেছে বিএনপি, যা খুব দ্রুতই জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

বুধবার বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, এই পরিকল্পনাটি আগেই প্রস্তুত করা ছিল। বর্তমানে সেটিকে আরও পরিমার্জন (রিফাইন) করে জনগণের কাছে তুলে ধরার প্রস্তুতি চলছে।
জাহেদ উর রহমান বলেন, “শর্ট টার্মে, ১৮০ দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে, যেটা আগেই তৈরি করা ছিল। সেটাকে আরেকটু রিফাইন করে খুব দ্রুতই জনগণের সামনে প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বুঝতে পারে ইমিডিয়েটলি সরকার কী করতে যাচ্ছে।”

একইসঙ্গে আসন্ন পবিত্র রমজান মাসে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এ কথাও জানান তিনি। তিনি আরও বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা এবং জনদুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

বৈঠকটি কেবিনেট মিটিং ছিল না উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, “এটা আসলে কেবিনেট মিটিং ছিল না। এটি ছিল একটি সৌজন্যমূলক বৈঠক। এখানে মন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং আমরা উপদেষ্টারাও ছিলাম। যেহেতু উপদেষ্টারা কেবিনেটের অংশ নন, তাই এটি ফর্মাল কেবিনেট মিটিং নয়।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনের পরিকল্পনা প্রকাশ জনগণের প্রত্যাশা ও সরকারের অগ্রাধিকার স্পষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

error: Content is protected !!