ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে জেলা শহর মাইজদীর নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা জামায়াতের আমীর খন্দকার ইসহাক। তিনি জানান, ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এ জনসভার আয়োজন করা হয়েছে। এতে জোটের শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
জেলা জামায়াত সূত্রে জানা যায়, দলটির আমীরের সফরকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। নেতাকর্মীদের মধ্যে সফরকে কেন্দ্র করে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলেও জানানো হয়। জনসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য আসতে পারে বলে আশা করছেন দলীয় নেতারা।
আয়োজকরা জানিয়েছেন, জনসভায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের প্রচার সম্পাদক ডা. বোরহান উদ্দিন, শহর আমীর মাওলানা ইউসুফ, শহর সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মিরাজ এবং ছাত্রশিবির শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমানসহ অনেকে।