সরকারি কর্মকর্তাদের দীর্ঘদিন একই পদে থাকার ফলে সৃজনশীলতা কমে যায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয়। বেশি দিন থাকলে তাদের মানসিকতা নির্দিষ্ট ছাঁচে আটকে যায়, নতুন চিন্তা ও উদ্ভাবনী শক্তি ক্ষতিগ্রস্ত হয়।”
বুধবার (দুপুরে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন।
ড. ইউনূস বলেন, “প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পরপর নতুন করে শুরু করা উচিত। সময়ের সঙ্গে লক্ষ্য বদলালেও মানুষ পুরোনো ধ্যান-ধারণা নিয়েই প্রতিষ্ঠানে বসে থাকে, যা অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে।”
তিনি সবাইকে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণা ভুল। এটি এক ধরনের দাসপ্রথার মতো মানসিকতা তৈরি করে। বরং উদ্যোক্তা তৈরি করতে সরকারকে সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি এই ডিজিটাল ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, “জুলাই আন্দোলনের তরুণরাই একদিন বিশ্ব নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।