ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে পেশ করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
শনিবার রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে তিনি এ তথ্য জানান। এ সময় তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, “শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে। যারা ঘটনার পিছনে আছে, তাদের সবার নাম ও ঠিকানা উন্মোচিত করা হবে।” তিনি আরও জানান, হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ, বিজিবি, র্যাবসহ সব গোয়েন্দা সংস্থা যুক্ত রয়েছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
মামলার তদন্তে এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সামিয়া, স্ত্রীর বড় ভাই শিপু এবং গার্লফ্রেন্ড মারিয়া।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, “হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেগুলো সিআইডিতে সায়েন্টিফিক পরীক্ষার জন্য রাখা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলও ডিবি পুলিশ উদ্ধার করেছে।”
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে বিপুল অর্থ ব্যয় হয়েছে। তদন্তে ২১৮ কোটি টাকার একটি চেকও উদ্ধার করা হয়েছে। কমিশনার বলেন, “এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। এর পেছনে অনেকের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা এর নেপথ্যে রয়েছে তাদের উদঘাটন করতে।”