অ্যামোনিয়ার ঘাটতির কারণে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানা। শনিবার (১৮ এপ্রিল) রাত থেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জ্বালানি সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে ডিএপি কারখানার জন্য প্রয়োজনীয় অ্যামোনিয়া সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।
কারখানা সূত্র জানায়, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে সিইউএফএল ও কাফকোর ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। শুরু থেকেই ডিএপি কারখানাটি এই দুটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে কাঁচামাল সংগ্রহ করে আসছিল।
পরবর্তীতে মজুদ থাকা অ্যামোনিয়া দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা সম্ভব হলেও শেষ পর্যন্ত সেই মজুদও ফুরিয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানায় দৈনিক প্রায় ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। ২০০৬ সাল থেকে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করে আসছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, সিইউএফএল ও কাফকো বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকেই অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদের ওপর নির্ভর করে এতদিন উৎপাদন চালানো হলেও এখন আর তা সম্ভব হচ্ছে না। নতুন করে কাঁচামাল সরবরাহ শুরু না হলে উৎপাদন পুনরায় চালু করা যাবে না বলেও তিনি জানান।