সরকার আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রায় পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সময়ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সব মন্ত্রণালয় ও বিভাগকে শূন্য পদের তথ্য ও নিয়োগ পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি খাত নিয়ে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেও সরকারের সমন্বিত উদ্যোগে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ফুয়েল কার্ড চালু করা হয়েছে এবং বর্তমানে দেশের কয়েক লাখ যানবাহন এই ব্যবস্থার আওতায় এসেছে।
তিনি আরও জানান, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ২০২৯ সালে পরীক্ষামূলক কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি খাতে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। সরকারি ও বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে সৌরবিদ্যুৎসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।
শিক্ষা খাতেও বড় বরাদ্দ ও সংস্কার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় হাজার হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই ও ডিজিটাল লাইব্রেরি কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে বলেও জানান তিনি।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য সারাদেশ থেকে বিপুল সংখ্যক শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।
শিক্ষার্থীদের জন্য নতুন কিছু সুবিধার কথাও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি ফি নেওয়া হবে না। পাশাপাশি শিক্ষাবৃত্তির অর্থ বৃদ্ধি, আধুনিক ভর্তি ব্যবস্থা চালু এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।