ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ

অর্থনীতি প্রতিবেদক (দেশ এডিশন):
প্রকাশ: ২ ঘন্টা আগে

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির সার্বিক দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রবিবার (১৪ জুন) এক অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক, সাধারণ আমানতকারী ও জনস্বার্থ বিবেচনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারার আলোকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ব্যাংকের শীর্ষ নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ ও সার্বিক কার্যক্রম তদারকি করবেন।

এর আগে গত ২৪ মে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ডেপুটি গভর্নরের পদ হারানো মো. খুরশীদ আলমকে ব্যাংকটিতে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তৎকালীন চেয়ারম্যান জুবাইদুর রহমানের পদত্যাগের পর জরুরি ভিত্তিতে সেই নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, মো. খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। তবে ২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন। এরপর মে মাসে তাঁকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলেও, ব্যাংকিং খাতের সার্বিক সংস্কারের অংশ হিসেবে আজ কেন্দ্রীয় ব্যাংক পুরো পর্ষদ ভেঙে দিয়ে সরাসরি নিজস্ব প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো।

error: Content is protected !!