পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের চাক্তাই এলাকার কামারপট্টিতে বেড়েছে কর্মব্যস্ততা। কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে ব্যবহৃত দা, ছুরি, চাপাতি ও সামুরাই তৈরিতে এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন কামার কারিগররা।
ঈদকে ঘিরে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করছেন চাক্তাইয়ের কামারপট্টিতে। কেউ নতুন দা ও ছুরি কিনছেন, আবার অনেকে পুরোনো সরঞ্জাম শান দিতে নিয়ে আসছেন। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের ভাটিতে লোহা গলানো, হাতুড়ির শব্দ আর ধার তৈরির কাজে সরব হয়ে উঠেছে পুরো এলাকা।
কারিগররা জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে বছরের এই সময়টিতে তাদের কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায়। চাহিদা অনুযায়ী বিভিন্ন আকার ও ডিজাইনের দা, ছুরি এবং সামুরাই তৈরি করা হচ্ছে। বিশেষ করে টেকসই ও ধারালো সরঞ্জামের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে কামার শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক ও কারিগরদের জন্য এটি গুরুত্বপূর্ণ মৌসুম। এ সময়ের আয় দিয়ে অনেক পরিবার বছরের বড় একটি অংশের খরচ নির্বাহ করেন।
চাক্তাই এলাকার পুরোনো এই কামারশিল্প এখনো ঐতিহ্য ধরে রেখেছে বলে জানান স্থানীয়রা। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লেও হাতে তৈরি লোহার সরঞ্জামের চাহিদা এখনো রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।