সুস্থ দেহ, সুস্থ মন এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে দিনাজপুরের চিরিরবন্দরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘চিরিরবন্দর মিনি ম্যারাথন সিজন-২-২০২৬’।
শনিবার (৩০ মে) ভোরে চিরিরবন্দর কেন্দ্রীয় শহীদ মিনার (স্টেশন চত্বর) প্রাঙ্গণে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক) ও চিরি নদীর বাতিঘর পাঠাগারের যৌথ উদ্যোগে এ ম্যারাথনের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৫টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী, ডা. আজগর আলী মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াসিম উদ্দীন শাহ, ফ্যাশন ফ্যাক্টরি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান, আরবান লে-আউটের কর্ণধার মো. আজিজুল ইসলাম সোহাগ, দুদকের উপ-সহকারী পরিচালক ও স্যাকের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান লাবু এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা ও স্যাকের সাবেক সভাপতি মো. আকতারুজ্জামান।
স্যাকের সভাপতি মোস্তাকিম আল-হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু শরীরচর্চার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সুস্থ সমাজ গঠন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ সমাজকে মাদকমুক্ত ও স্বাস্থ্যকর জীবনধারায় উদ্বুদ্ধ করতে নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে মেহের হোসেন রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওএফএম মোরশেদুল আলম, রিয়াজুল মদিনা ইসলামিয়া রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক জুবায়ের রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন। দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভোর থেকেই শহীদ মিনার প্রাঙ্গণ প্রতিযোগীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।
তারা আরও জানান, সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে।