এনআইডি বয়স সংশোধন এখনো ঢাকাকেন্দ্রিক

প্রকাশ: ১৩ ঘন্টা আগে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বয়সসংক্রান্ত তথ্য সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের দেওয়ার দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা। তাদের মতে, বর্তমানে সব আবেদন ঢাকায় নিষ্পত্তি হওয়ায় দেশের বিভিন্ন এলাকার সেবাগ্রহীতাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ বিষয়টি উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে সভায় অংশ নেন।

সভায় কর্মকর্তারা জানান, বয়স সংশোধনের আবেদন স্থানীয় পর্যায়ে নিষ্পত্তির সুযোগ থাকলে সাধারণ মানুষের সময় ও খরচ কমবে। তবে ইসির সিনিয়র সচিব জানান, আপাতত বয়স সংশোধনসংক্রান্ত আবেদন ঢাকাতেই নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে আবেদন প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় এনআইডির তথ্য সংশোধনের আবেদন দীর্ঘদিন ঝুলে না রাখার নির্দেশনাও দেওয়া হয়। এছাড়া ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম নিয়মিত অপসারণ এবং একই ব্যক্তি কতবার তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন, সে বিষয়েও আলোচনা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, একই ব্যক্তি একাধিকবার আবেদন করায় অনেক ক্ষেত্রে আবেদন নিষ্পত্তিতে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এ অবস্থায় সপ্তাহে অন্তত একদিন সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য ‘ওপেন ডে’ চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বদলি তদবির নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব। তিনি কর্মকর্তাদের পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান এবং অনাকাঙ্ক্ষিত তদবিরের বিষয়ে সতর্ক করেন।

error: Content is protected !!