হরমুজ প্রণালিতে প্রবেশের পরও এবারও পার হতে পারেনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও নৌবাহিনীর নির্দেশে মাঝপথেই জাহাজটির যাত্রা থামিয়ে দেওয়া হয়।
শুক্রবার বিকেলে হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলেও, রাতেই নতুন নির্দেশনায় পরিস্থিতি পাল্টে যায়।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের কাছে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ রাত ৯টার দিকে নোঙর তুলে ফুজাইরা বন্দর অভিমুখে যাত্রা শুরু করে। অন্য জাহাজগুলোর মতোই এটি অনুমতি ছাড়াই এগিয়ে যাচ্ছিল।
রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে। তবে রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। একইসঙ্গে জানানো হয়, আইআরজিসির অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রম করতে পারবে না।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, অনুমতি চাওয়ার পর কোনো সাড়া না পাওয়ায় তারা ধরে নিয়েছিলেন প্রণালিটি চলাচলের জন্য উন্মুক্ত। তার ভাষায়, “এটা খুবই দুঃখজনক। প্রায় ৪০টির মতো জাহাজ একসঙ্গে যাত্রা শুরু করেছিল, জয়যাত্রাও তাদের সঙ্গে এগোচ্ছিল।” তিনি আরও বলেন, নির্ধারিত গতিতে চললে ভোর ৩টার মধ্যেই জাহাজটি ওমান সাগরে পৌঁছাতে পারত। কিন্তু হঠাৎ নির্দেশনায় পুরো যাত্রা থেমে যায়।
এর আগে ইরান-সংক্রান্ত উত্তেজনার কারণে ৩১ জন নাবিকসহ প্রায় ৪০ দিন আটকে ছিল জাহাজটি। ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিলেও ১০ এপ্রিল প্রথমবারের মতো হরমুজ পার হতে ব্যর্থ হয়। পরে শারজাহ বন্দরে ফিরে অপেক্ষা করছিল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার।
বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।