কম দামে আমদানির আড়ালে অর্থ পাচার সন্দেহ

দেশ এডিশন নিউজ ডেস্ক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

২৮–৩৩ টাকা কেজি দরে ফল ও কাঁচামরিচ আমদানির তথ্য দেখিয়ে শতকোটি টাকার এলসি—বাংলাদেশ ব্যাংকের নজরে অস্বাভাবিকতা, তদন্ত শুরু

দেশের বাজারে যখন কাঁচামরিচ ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, ঠিক সেই সময় আমদানিতে অস্বাভাবিকভাবে কম দাম দেখানোর অভিযোগ উঠেছে। একইভাবে আপেলও কেজিপ্রতি মাত্র ৩৩ টাকা দরে আমদানি দেখানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে দেখা যায়, পুরান ঢাকার একটি প্রতিষ্ঠান কয়েক বছরে বিপুল পরিমাণ কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে বাজারদরের তুলনায় অনেক কম মূল্য দেখিয়ে এলসি খুলেছে। মোট আমদানির পরিমাণ প্রায় ১২৫ কোটি টাকার সমপরিমাণ।
তদন্তে উঠে এসেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি মূলত শাড়ি ও গহনার ব্যবসার সঙ্গে জড়িত হলেও তাদের নামে ফল ও সবজি আমদানির বড় অঙ্কের লেনদেন দেখানো হয়েছে। এ বিষয়টি এলসি ইস্যুকারী ব্যাংক ও কাস্টমস কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেলেও কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তিনটি ব্যাংকের মাধ্যমে এসব এলসি খোলা হয়। এর মধ্যে একটি ব্যাংকের নির্দিষ্ট শাখায় সবচেয়ে বেশি এলসির বিপরীতে আমদানি দেখানো হয়েছে। অন্য দুই ব্যাংকের মাধ্যমেও উল্লেখযোগ্য পরিমাণ আমদানির তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক বিশ্লেষণে তিন বছরে মোট ২০০’র বেশি এলসির বিপরীতে প্রায় এক কোটি ডলারের বেশি আমদানির তথ্য মিলেছে।
অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অস্বাভাবিক কম মূল্য দেখিয়ে ‘আন্ডার ইনভয়েসিং’-এর মাধ্যমে অর্থ পাচারের সুযোগ তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা বিষয়টিকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করে বলেন, হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুল্ক, পরিবহন ব্যয় এবং পণ্যের ক্ষয়ক্ষতির কারণে আমদানির মূল্য কম দেখানো হলেও বাজারে বিক্রির সময় তা সমন্বয় করা হয়েছে। তারা হুন্ডির মাধ্যমে কোনো লেনদেন হয়নি বলেও দাবি করেন।
এদিকে নীতিমালা অনুযায়ী আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারদর ও পণ্যের মান যাচাই বাধ্যতামূলক। কোনো ব্যাংক এ নিয়ম লঙ্ঘন করলে তা শাস্তিযোগ্য অপরাধ।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

error: Content is protected !!