খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে জমি ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এছার আলী সরদার নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলাচলের পথ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এছার আলী সরদার গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, চলাচলের পথ ও জমি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
কয়রা থানার সূত্রে জানা গেছে, এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।