কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন কাল, টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন:
প্রকাশ: ২ ঘন্টা আগে

আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন। এ উপলক্ষে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছাবেন। আগমনের পর তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে তিনি কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পরে পৌর উদ্যানে আয়োজিত কৃষিমেলারও উদ্বোধন করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে। টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, জেলার প্রবেশদ্বার থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করা হয়েছে। এছাড়া পৌর এলাকার প্রধান সড়কগুলোও মেরামত ও উন্নয়ন করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশেষ নিরাপত্তা সংস্থার সদস্যদের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকায় কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সফর সফল করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের কৃষকদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

error: Content is protected !!