মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বেগমগঞ্জ উপজেলার উত্তর আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
ডা. ফারজানা রায়হানের উদ্যোগে এবং এপেক্স কেয়ার হাসপাতাল ও এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সহযোগিতায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে প্রায় এক হাজারেরও বেশি অসহায় ও দুস্থ রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা জানান।
এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং এপেক্স কেয়ার হাসপাতালের স্বেচ্ছাসেবীরা পুরো কর্মসূচি সফলভাবে পরিচালনা করেন। আয়োজকরা বলেন, স্বাধীনতা দিবসের চেতনা ধারণ করে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
উত্তর আব্দুল্লাহপুরসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ এই সেবা গ্রহণ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবেদক: সালমান শাহরিয়ার রাফি
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)
দেশ এডিশন