আগামীর বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব নতুন প্রজন্মের ওপরই নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তরুণদের উদ্দেশে বলেন, খেলাধুলার মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করতে হবে। নতুন প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, তাদের মধ্য থেকেই আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে। তিনি পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন এবং জানান, রাষ্ট্র ও সরকার তরুণদের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে আজকের তরুণরাই। বর্তমান প্রজন্ম পথচলা শুরু করে দেবে, আর আগামী দিনে দেশকে এগিয়ে নেবে নতুন প্রজন্ম। তাদের মধ্য থেকেই একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বড় ক্রীড়াবিদ, নেতৃত্ব এবং রাষ্ট্রনায়ক তৈরি হবে।
এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বিকেল ৫টা ৮ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামে থাকা খুদে ক্রীড়াবিদরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ১৯৭৬ সালে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির সূচনা হয়। আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই আয়োজন থেকে বহু প্রতিভা উঠে এসেছে। দীর্ঘ বিরতির পর এবার নতুন আঙ্গিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে উদ্যোগটি পুনরায় শুরু হলো, যার লক্ষ্য ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা খুঁজে বের করা।