প্রধানমন্ত্রীর গাজীপুর সফর ঘিরে জিএমপির নিরাপত্তা প্রস্তুতি

উজ্জ্বল হাসান জয়:
প্রকাশ: ১২ ঘন্টা আগে


বুধবার গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে ভিভিআইপি নিরাপত্তা ডিউটি সংক্রান্ত এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার গাজীপুরে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। তিনি সফর উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ট্রাফিক ব্যবস্থাপনা, গোয়েন্দা নজরদারি, সাদা পোশাকে নিরাপত্তা জোরদারসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পুলিশ কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে জিএমপির সব ইউনিট সমন্বিতভাবে কাজ করবে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যরা।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গাজীপুরজুড়ে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে।

error: Content is protected !!